কালিহাতীতে অটোরিকশায় তল্লাশি, গাঁজাসহ যুবক আটক
গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালিহাতীতে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজাসহ বেল্লাল (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা পরিষদের পশ্চিম গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক বেল্লাল কালিহাতী গ্রামের সিদ্দিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালান। এ সময় অটোরিকশা থেকে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় এবং বেল্লালকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এম.কন্ঠ/ ১৮ অগাস্ট /এম. টি
























