ডেঙ্গুর বিরুদ্ধে পরিচ্ছন্নতার ঢাল, মাঠে কালিহাতী পৌরসভা
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে মাঠে নেমেছে কালিহাতী পৌরসভা। সোমবার (৩ আগস্ট) সকালে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে কালিহাতী
পৌরসভার উদ্যোগে সদর এলাকার মুন্সিপাড়া হাটখোলায় ‘ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি পরিবার ও প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। কোথাও অপ্রয়োজনীয়ভাবে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে, কারণ সেখানেই এডিস মশা বংশবিস্তার করে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাম‚লক বার্তাও প্রচার করা হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যাওয়ায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক এ কার্যক্রমের মাধ্যমে শুধু পরিবেশ পরিষ্কার নয়, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলাই মূল উদ্দেশ্য।
এম.কন্ঠ/ ০৩ অগাস্ট /এম. টি

















