কালিহাতীতে মানসিক ভারসাম্যহীনকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে থানায় সোপর্দ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের আমীর হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে থানায় সোপর্দ করার পর মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বোতল কুড়াতে বের হওয়া ওই তরুণীকে অভিযুক্ত তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি ভিকটিমের বাবাকে জানালে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে মেয়েকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ভিকটিম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
ঘটনার পর রাতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে ভিকটিমের পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় সোপর্দ করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত আমীর হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে।
এম.কন্ঠ/ ২১ জুলাই /এম. টি

























