টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল- স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা ইত্যাদি।
এদিন সকালে টাঙ্গাইল জেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু , জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, গণসংহতি আন্দোলনের সভাপতি ফাতেমা রহমান বীথি, শহিদ মারুফের মা মোর্শেদা বেগম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক আল আমিন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় জুলাই শহিদ হত্যার বিচার, আহত জুলাইদের কর্মসংস্থানের দাবিও করেন বক্তারা। অপর দিকে জুলাই আন্দোলনের মামলার দ্রুত চার্জশীট দেয়ার দাবি করেন স্বজনরা। এছাড়াও জুলাই আন্দোলনে অংশ গ্রহণকারীদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে কটুক্তি করছেন বলে বক্তারা উল্লেখ করেন।
এম.কন্ঠ/ ১৬ জুলাই /এম. টি























