কালিহাতীতে বাস-সিএনজির সংঘর্ষে নারী নিহত
টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছেন।
রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরঙ্গী হোটেলের পাশে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উত্তরবঙ্গগামী “ভাই ভাই এন্টারপ্রাইজ” পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজন আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত হনুফা বেগম (৪৫)কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি ভুয়াপুর উপজেলার বারইচরপাড়া গ্রামের খন্দকার ওমর আলীর স্ত্রী।
দুর্ঘটনায় তার স্বামী খন্দকার ওমর আলী আহত হয়ে একটি হাত ভেঙে ফেলেন। এছাড়া সিএনজি চালকও আহত হন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জুয়েল জানান, এঘটনায় আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাস ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে।
এম.কন্ঠ/ ২১ জুন /এম. টি

























