টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান রোববার দুপুরে এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৩৫)। তিনি নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের আব্দুল মিয়ার ছেলে। রায়ে দণ্ডিত জহুরুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো. শফিকুল ইসলাম (রিপন) এই রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিত জহুরুল ইসলামের বাবা আব্দুল মিয়ার মৃত্যুর পর তার মা বাবলু মিয়া নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। এ নিয়ে জহুরুলের সাথে তার মায়ের বিরোধ ছিলো। এর জের ধরে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জহুরুল তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জহুরুলের মায়ের স্বামী বাবলু মিয়া বাদি হয়ে নাগরপুর থানায় ওই দিনই মামলা দায়ের করেন। মামলায় জহুরুলকে একমাত্র আসামী করা হয়। ঘটনার পর পুলিশ জহুরুলকে গ্রেপ্তার করে।
জহুরুল তার মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ওই বছর তদন্ত শেষে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন আদালতে জহুরুলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে জহুরুল কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। জহুরুলের পক্ষে আইনজীবী ছিলেন মো. মুছা।
এম.কন্ঠ/ ২৪ মে /এম. টি

























