গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দুই মাথা, চার হাত ও চার পা এবং একটি পেটবিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে।
শনিবার রাতে পৌরশহরের কাজীবাড়ী এলাকার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটির জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবজাতকটি উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা গ্রামের সাগর ও নুপুর দম্পতির সন্তান। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রসবের জন্য নুপুরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
জন্মের পর শিশুটির অস্বাভাবিক শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালটিতে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে নবজাতকটিকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যান।
শিশুটির অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. মো. নাদিম হোসেন বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের জন্মকে ‘কনজয়েনড টুইনস’ বলা হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো অবস্থায় দুই মাথা, চার হাত ও চার পা-যুক্ত শিশুর জন্ম হয়। দুই শিশুর মধ্যে একজনের পুরুষ জননাঙ্গ থাকলেও অন্যজনের তা নেই। বর্তমানে মা ও নবজাতক ভালো আছে। তবে উন্নত চিকিৎসার জন্য নবজাতককে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এম.কন্ঠ/ ০১ নভেম্বর ২০২৬/এম. টি














