টাঙ্গাইলে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের (কাজি বাড়ি) মো. আঃ আলীমের ছেলে মো. আঃ মালেক (২১) এবং মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া ( ২০)। তাদের দুই জনকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন ২৩ ডিসেম্বর সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকে ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকে, পিঠে, মুখে ও মাথায় বহু জখম ছিল।
এ ঘটনায় নিহতের বাবা মো. রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি আসামি মো. সজিব মিয়া ও মো. আঃ মালেককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কালিবাড়ী খেয়াঘাটে পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টীলের চাকু এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিপি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ২৯ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহ করেন। রায় ঘোষনার পর দণ্ডিত দুইজনকে কে টাংগাইল জেলা কারাগারে পাঠানো হয়।
এম.কন্ঠ/ ১২ অগাস্ট /এম. টি


























