টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন
দেশের অন্য নয়টি জেলার সাথে টাঙ্গাইলেও লিগ্যাল এইউ আইনের সংশোধিত বিধান অনুযায়ী কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান টাঙ্গাইলসহ দেশের দশটি জেলায় একসঙ্গে ভার্চুয়ালী এই মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। অন্য জেলাগুলো হলো- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার ও পঞ্চগড়।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের চীপ লিগ্যাল এইড অফিসার তানজিনা চৌধুরী।
এ সময় টাঙ্গাইলের শিশু সংহিতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ (জেলা ও দায়রা জজ), ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক মো. মোশাররফ হোসাইন (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম ইলিয়াছ, টাঙ্গাইলের স্পেশাল মেডিয়েটর কে. এম শহীদ আহাম্মেদ (সাবেক জেলা ও দায়রা জজ) ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. মিনহাজ উদ্দিন ফরাজিসহ বিভিন্ন আদালতের বিচারকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলমসহ লিগ্যাল এইডের তালিকাভুক্ত আইনজীবীগণ এতে অংশ নেন।
যেসকল বিষয়ে আদালতে মামলা করার আগে অবশ্যই লিগ্যাল এইডে মধ্যস্থতার জন্য যেতে হবে সেগুলো হলো- পারিবারিক বিরোধ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বন্টন, অগ্রক্রয় ও পিতা-মাতার ভরণপোষন সংক্রান্ত বিরোধ এবং যৌতুক সম্পর্কিত অভিযোগ। সংশোধিত বিধান অনুযায়ী এসব বিষয়ে লিগ্যাল এইডে মধ্যস্থতা না হলে পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে মামলা করা যাবে।
এম.কন্ঠ/ ২১ জুলাই /এম. টি

























